ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনা ও আনন্দ ছড়িয়ে দিতে ময়মনসিংহের তারাকান্দায় এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার বিকাল ৫:৩০ মিনিটে তারাকান্দা সাব-রেজিস্ট্রারের কার্যালয় সংলগ্ন খেলার মাঠে বিশেষ এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। তারাকান্দা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই প্রীতি ফুটবল ম্যাচটি ঘিরে স্থানীয় ক্রীড়ামোদী এবং অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ।
দৈনন্দিন দাপ্তরিক কার্যক্রম শেষে শুরু হয় মাঠের মূল লড়াই। সাব-রেজিস্ট্রি অফিসের নকলনবিশ এবং দলিল লেখকদের সমন্বয়ে গঠিত দলগুলোর মধ্যকার এই খেলায় মূল প্রতিদ্বন্দ্বিতা হয় বিশ্ব ফুটবলের জনপ্রিয় দলগুলোর আদলে। মাঠে মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হয়— ‘আর্জেন্টিনা ফ্যান ক্লাব বাংলাদেশ’ বনাম ‘বিশ্ব একাদশ ফ্যান ক্লাব বাংলাদেশ’ (স্পেন, ফ্রান্স ও ব্রাজিল ফ্যান ক্লাব)।
এতে আর্জেন্টিনা ফ্যান ক্লাব বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পালন করেন তারাকান্দার বর্তমান সাব-রেজিস্ট্রার মো: রহমত উল্লাহ লতিফ এবং দলের কোচের ভূমিকায় ছিলেন নকলনবিশ সুব্রত গোস্বামী। অন্যদিকে, বিশ্ব একাদশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন তারাকান্দার সাবেক সাব-রেজিস্ট্রার ও বর্তমান ত্রিশালের সাব-রেজিস্ট্রার ওমর ফারুক পলাশ। এই দলের সহকারী অধিনায়ক ছিলেন মো: বিল্লাল হোসাইন সরকার এবং কোচের দায়িত্বে ছিলেন দলিল লেখক সমিতির নেতা জাহাঙ্গীর হোসেন সরকার।
উক্ত আকর্ষণীয় ম্যাচটি উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন তারাকান্দার সাবেক সাব-রেজিস্ট্রার খন্দকার দেলোয়ার হোসেন।
খেলায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:খন্দকার মেহবুবুল হক (সাব-রেজিস্ট্রার, শেরপুর),গোলাম সারোয়ার (সাব-রেজিস্ট্রার, হালুয়াঘাট),জাহিদ হাসান (সাব-রেজিস্ট্রার, ময়মনসিংহ সদর),জুয়েল মিয়া (সাব-রেজিষ্ট্রার কিশোরগঞ্জ),আজমেরী নিঝর (সাব-রেজিস্ট্রার, ধোবাউড়া),মফিজ উদ্দিন তালুকদার (সহ-সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ দলিল লেখক সমিতি)।
খেলার শুরু থেকেই উভয় পক্ষ আক্রমণ ও প্রতি-আক্রমণে মেতে ওঠে। মাঠের চারপাশ জুড়ে উপস্থিত দর্শকদের মুহুর্মুহু করতালি এবং ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে তৈরি হওয়া উদ্দীপনা ম্যাচটিতে ভিন্ন মাত্রা যোগ করে। নির্ধারিত সময়ে দু’দলের টানটান উত্তেজনার খেলাটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও কর্মকর্তাগণ অনুভূতি প্রকাশ করে বলেন:
”কর্মব্যস্ততার মাঝে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। এটি কর্মকর্তা, কর্মচারী এবং দলিল লেখকদের মধ্যকার পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও মজবুত করবে।”
সম্পূর্ণ সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে খেলাটি শেষ হওয়ার পর অংশগ্রহণকারী ও বিজয়ী দলের হাতে যৌথভাবে ট্রফি তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ। এরপর খেলোয়াড়দের মাঝে অন্যান্য পুরস্কার ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা আশা প্রকাশ করেন, আগামীতেও সুস্থ বিনোদনের ধারা বজায় রাখতে এই ধরনের চমৎকার আয়োজন অব্যাহত থাকবে।