ময়মনসিংহ সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই পাঁচ রাস্তার মোড়ে সাধারণ পথচারী ও শিক্ষার্থীদের নিরাপদ পারাপারের জন্য একটি ফুট ওভার ব্রিজ নির্মাণের আবেদন জানানো হয়েছে। সম্প্রতি ১২ নং ভাবখালী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রমজান আলী এলাকাবাসীর পক্ষে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার বরাবর এই লিখিত আবেদন জমা দেন।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, চুরখাই পাঁচ রাস্তার মোড়টি ময়মনসিংহ সদরের অন্যতম ব্যস্ত ও জনবহুল এলাকা। এই মোড়ের পাশেই চুরখাই বাজার, একাধিক স্কুল-কলেজ এবং ইউনিয়ন ভূমি অফিস অবস্থিত। যার ফলে প্রতিদিন হাজার হাজার পথচারী, কোমলমতি শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এ মহাসড়ক পারাপার হন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রতিনিয়ত দ্রুতগামী যানবাহন চলাচল করায় স্থানটিতে প্রায়ই ছোট-বড় মারাত্মক দুর্ঘটনা ঘটছে।
স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এখানে একটি ফুট ওভার ব্রিজের দাবি জানিয়ে আসছিলেন। স্মারকলিপিতে বলা হয়, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধ, যানজট নিরসন এবং পথচারীদের পথচলা নিরাপদ করতে অবিলম্বে চুরখাই পাঁচ রাস্তার মোড়ে একটি ফুট ওভার ব্রিজ নির্মাণ করা জরুরি।
এ বিষয়ে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রমজান আলী জানান, “চুরখাই মোড়টি এখন একটি বিপজ্জনক ব্ল্যাক স্পটে পরিণত হয়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কায় মানুষ রাস্তা পার হয়। জনস্বার্থ ও মানুষের জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা বিভাগীয় কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছি।”
এলাকাবাসীর আশা, উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুততম সময়ে চুরখাই পাঁচ রাস্তার মোড়ে একটি ফুট ওভার ব্রিজ নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।