বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব মোস্তাফিজুর রহমান মল্লিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে সংগঠনটি। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (১৪ মে) ঢাকাসহ সারাদেশে একযোগে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সংগঠন সূত্রে জানা গেছে, গত ১০ মে গাইবান্ধা সদর সাব-রেজিস্ট্রার অফিস গেটে স্থানীয় কতিপয় চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী জনাব মোস্তাফিজুর রহমান মল্লিকের ওপর হামলা চালায়। দীর্ঘ দিন ধরে ওই চক্রটি দলিল প্রতি ৫০০ টাকা হারে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তারা দলবদ্ধ হয়ে মব সৃষ্টির চেষ্টা করে এবং মোস্তাফিজুর রহমানকে লাঞ্ছিতসহ প্রাণনাশের হুমকি প্রদান করে।
এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ দলিল লেখক সমিতির চেয়ারম্যান আলহাজ্ব এম এ রশিদ এবং মহাসচিব কে এস হোসেন টমাস। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, “একজন পেশাজীবী নেতার ওপর এমন সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পুলিশে অভিযোগ দেওয়ার পরও এখনো কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া অত্যন্ত দুঃখজনক।”
প্রশাসনের নিস্পৃহ ভূমিকার প্রতিবাদে সংগঠনটি আগামীকাল ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার সারাদেশে সকল সাব-রেজিস্ট্রার অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। নেতৃবৃন্দ স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন:
”অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সারাদেশে দলিল লেখকরা কলম বিরতিসহ আরও কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবে।”
ঘটনার পর মোস্তাফিজুর রহমান মল্লিক গাইবান্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। দলিল লেখকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি অফিসের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার জন্য একটি বিশেষ মহল এই অপচেষ্টা চালাচ্ছে এবং এর বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবেন।