ত্রিশাল পৌর বিএনপির সভাপতি ও বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব আলেক চাঁন দেওয়ান আজ ১৩ই জুলাই (সোমবার) সকাল ৯:০০ ঘটিকায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের প্রথম জানাজার নামাজ আজ বাদ এশা, ত্রিশাল সরকারি নজরুল একাডেমী মাঠ।
রাত ১০:০০ ঘটিকায় মরহুমের নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
আলেক চাঁন দেওয়ানের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ময়মনসিংহ ত্রিশালের জাতীয় সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন।
এক শোকবার্তায় তিনি বলেন:”আলেক চাঁন দেওয়ান ছিলেন ত্রিশালের রাজনীতিতে অত্যন্ত অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ একজন ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে ত্রিশাল একজন প্রবীণ রাজনৈতিক অভিভাবককে হারালো। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।”
সংসদ সদস্য মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকার্ত পরিবারবর্গ, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
আলেক চাঁন দেওয়ান ছিলেন -ত্রিশালের রাজনৈতিক ইতিহাসের অন্যতম অভিজ্ঞ, সৎ ও নিবেদিতপ্রাণ নেতা। বিগত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে তিনি সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। আন্দোলন করতে গিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে দীর্ঘ কারাবাস ভোগ করায় তাঁর শারীরিক অসুস্থতা আরও বৃদ্ধি পেয়েছিল। গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে তাঁর এই অবিস্মরণীয় অবদান শ্রদ্ধাভরে স্মরণীয় হয়ে থাকবে।
মহান আল্লাহ পাক মরহুমকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার ও রাজনৈতিক সহযোদ্ধাদের এই কঠিন শোক সইবার তৌফিক দান করুন, আমিন।