ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ভূমি সেবায় গতিশীলতা আনয়ন এবং সাধারণ মানুষকে হয়রানিমুক্ত রাখার লক্ষ্যে ডিজিটাল প্ল্যাটফর্মের অংশ হিসেবে প্রতিষ্ঠিত ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ (LSFC) পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) এস.এম. নাজমুস ছালেহীন।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টায় নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে তারাকান্দা-ধোবাউড়া রোডে অবস্থিত এই সহায়তা কেন্দ্রটি পরিদর্শনে যান তিনি।
পরিদর্শনকালে সহকারী কমিশনার (ভূমি) কেন্দ্রে আসা সেবাগ্রহীতাদের সাথে সরাসরি কথা বলেন। সরকার কর্তৃক নির্ধারিত ফি-এর চেয়ে অতিরিক্ত কোনো অর্থ আদায় বা কোনো ধরণের অনিয়ম হচ্ছে কি না, সে বিষয়ে তিনি সেবাগ্রহীতাদের মতামত ও প্রতিক্রিয়া গ্রহণ করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. নাজমুস ছালেহীন জানান:
”ভূমি সেবাসমূহকে গতিশীল ও সম্পূর্ণ হয়রানিমুক্ত করার লক্ষ্যে সরকার সব ধরণের সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। তবে অনেক সময় সাধারণ জনগণের ভূমি সংক্রান্ত অজ্ঞতা এবং প্রযুক্তিভীতির কারণে একদল মধ্যস্থতাকারী বা দালাল চক্র তাদের বিভ্রান্ত করে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেয়।”
তিনি আরও জানান, জনসাধারণের এই সমস্যা ও ভোগান্তির কথা বিবেচনা করেই সরকার ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ (LSFC) স্থাপন করেছে।
এই সহায়তা কেন্দ্র থেকে সাধারণ মানুষ কোনো প্রকার অতিরিক্ত ঝামেলা ছাড়াই সরকার নির্ধারিত মূল্যে সরাসরি নিচের সেবাগুলো গ্রহণ করতে পারবেন:
ই-নামজারি (Mutation),
ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদান,
মিস মোকদ্দমা সংক্রান্ত তথ্য ও আবেদন,
খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ,
মৌজা নকশার (ম্যাপ) কপি।
ভূমি অফিস সূত্রে জানা গেছে, সাধারণ মানুষকে দালালের খপ্পর থেকে বাঁচাতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে এই ধরণের ঝটিকা পরিদর্শন ও তদারকি নিয়মিত অব্যাহত থাকবে।