ময়মনসিংহ সদরের চুরখাই বাজার, পানঘাগড়া এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ‘অগ্রণী মডেল স্কুল’-এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
গত ১ জুলাই (বুধবার) ২০২৬ তারিখে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
বিদ্যালয়ের সভাপতি শহীদুল্লাহ শহীদ-এর চমৎকার সঞ্চালনায় এবং বিদ্যালয়ের পরিচালক মোতালেব ফকির-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর আঃ সামাদ মেমোরিয়াল প্রি-ক্যাডেট হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক এবং দি ডিভিশনাল প্রেসক্লাব ময়মনসিংহ-এর আইনবিষয়ক সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক মফিজ উদ্দিন তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যতম পরিচালক এডভোকেট রফিকুল ইসলাম এবং সেজান মাহমুদ বিল্লাল।
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন:আবুল কালাম,কামরুন নাহার,খাদিজা আক্তার,নজরুল ইসলাম,মাহফুজা আক্তার,জারিন তাসনীম সীথি,সুলতানা রাজিয়া, রুমিন তামান্না,সাদিয়া আক্তার,মারিয়া আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক মফিজ উদ্দিন তালুকদার শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন:
”কেবলমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা বা জিপিএ-৫ পাওয়ার মধ্যেই শিক্ষার আসল উদ্দেশ্য লুকিয়ে নেই। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। খেলাধুলা শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলাবোধ, নেতৃত্বদানের গুণাবলি এবং সহনশীলতা তৈরি করে, যা তাদের ভবিষ্যতে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।”
তিনি ইন্টারনেটের যুগে শিক্ষার্থীদের মাঠের খেলাধুলায় আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং বিদ্যালয়ের এমন চমৎকার আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
দিনব্যাপী শিক্ষার্থীদের বর্ণাঢ্য কুচকাওয়াজ, যেমন খুশি তেমন সাজোসহ বিভিন্ন আকর্ষণীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী ও কৃতি শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। বিদ্যালয়ের পরিচালক ও সভাপতি আব্দুল মোতালেব ফকির উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।