স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গাইবান্ধা ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের যাত্রীবাহী বাসটি নোয়াখালী যাচ্ছিল। রাত ৩টার দিকে বাসটি কুমিল্লার জাঙ্গালিয়া কচুয়া এলাকার পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম মেইল ট্রেনটি বাসটিকে সজোরে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়ে-মুচড়ে কয়েকশ ফুট দূরে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ১২ জন যাত্রী প্রাণ হারান।
দুর্ঘটনার খবর পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
কুমিল্লা সদর দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) জনি বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে রেলক্রসিং পার হওয়ার সময় অসতর্কতার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কুমিল্লা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ইদ্রিস জানান, গভীর রাতে দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রীই ঘুমন্ত অবস্থায় ছিলেন। দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটি সরাতে এবং রেললাইনের পরিস্থিতি স্বাভাবিক করতে দীর্ঘ সময় উদ্ধারকাজ চালানো হয়।