ময়মনসিংহ সদর উপজেলার চূড়খাই বাজারে অবস্থিত অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সানরাইজ আইডিয়াল স্কুল-এর ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ এপ্রিল (রবিবার) স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী কাজী গোলাম কিবরিয়া শামীম। উল্লেখ্য, তিনি পনঘাগড়া কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ বছর যাবৎ অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্যে কাজী গোলাম কিবরিয়া শামীম বলেন, “শিক্ষা জীবনের এই পর্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমেই আগামীর চ্যালেঞ্জ জয় করে সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তোমরাই স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার। তোমরাই পারবে তোমাদের মেধা ও শ্রম দিয়ে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করতে।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্য এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি, নৈতিকতা বজায় রাখা এবং ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিভিন্ন অনুপ্রেরণামূলক পরামর্শ প্রদান করেন।
আলোচনা সভা শেষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষাভীতি দূরীকরণ, ভালো ফলাফল এবং তাদের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। বিদ্যালয়ের একঝাঁক মেধাবী ও প্রতিশ্রুতিশীল শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে।